।। অ্যাসিড হামলা মামলায় বড় সাফল্য, তিন অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড ।।
বসিরহাট : অ্যাসিড হামলা মামলায় ঐতিহাসিক সাফল্য পেল বসিরহাট পুলিশ জেলার ট্রায়াল মনিটরিং টিম। মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বসিরহাটের এফটিসি দ্বিতীয় আদালত। পাশাপাশি, প্রত্যেক অভিযুক্তকে ২ লক্ষ ৬০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। চার্জশিট জমা দেওয়ার মাত্র ১৬ মাসের মধ্যে মামলার বিচার প্রক্রিয়া শেষ করে এই সাজা ঘোষণা হওয়ায় পুলিশের তদন্ত এবং ট্রায়াল মনিটরিং ব্যবস্থার সাফল্যও সামনে এসেছে।।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ জানুয়ারি ২০২৫ বসিরহাটের মাটিয়া থানার চক ফারসতপুর এলাকার কাছে অ্যাসিড হামলার ঘটনাটি ঘটে। বাইকে চড়ে এসে এক মহিলাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে দুষ্কৃতীরা। রাস্তাতেই গুরুতর জখম হন ওই মহিলা। ঘটনার পর মাটিয়া থানার পুলিশ তদন্তে নামে এবং তিন অভিযুক্তকে গ্রেফতার করে।
ধৃতদের মধ্যে একজনের বয়স ৫০ বছর, অন্য দু’জনের বয়স ২৪ ও ৩১ বছর। তিনজনই বসিরহাটের সরদারআটি এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তদন্তকারী অফিসার পায়েল বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত তদন্ত শুরু করে। তথ্য-প্রমাণ সংগ্রহের পাশাপাশি ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে নির্দিষ্ট সময়ের মধ্যেই আদালতে চার্জশিট পেশ করা হয়। এরপর মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বসিরহাট পুলিশ জেলার ট্রায়াল মনিটরিং টিম নিয়মিত মামলাটির অগ্রগতি পর্যবেক্ষণ করে। আদালতে পুলিশের পক্ষ থেকে সংগৃহীত তথ্য-প্রমাণ এবং রাজ্য সরকারের আইনজীবীর জোরালো সওয়াল-জবাবের পর তিন অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করে আদালত। এরপর প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ লক্ষ ৬০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়।
