রবীন্দ্রভারতী সোসাইটির বিজয়া উৎসব পালন
মোল্লা জসিমউদ্দিন,
বুধবার সন্ধেবেলায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রবীন্দ্রভারতী সোসাইটি বিজয়া দশমী উৎসব উদযাপন করল তাদের নিজস্ব প্রেক্ষাগৃহ রথীন্দ্রমঞ্চে। সোসাইটির বার্ষিক সাধারণ সভা হয়ে যাবার পর শুরু হয় সকলের সাথে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা বিনিময়। প্রতিবছর এই উৎসবের দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি পর্ব থাকে। এবারে ছিল এক চিত্তাকর্ষক আয়োজন যা অভিনবত্বে উজ্জ্বল। সাহিত্য, নাটক, সংগীত জগতের পাঁচজন বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে তাঁদের জন্মশতবার্ষিকী পালন ও স্মরণ করা হয়। এঁরা হলেন প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী, কবি সুকান্ত ভট্টাচার্য্য, নাট্য ব্যক্তিত্ব বাদল সরকার, তৃপ্তি মিত্র এবং সংগীত শিল্পী ভূপেন হাজারিকা। আকাশবাণীর একশো বছর উপলক্ষ্যেও একটি তথ্যালেখ্য পরিবেশিত হয়। অনুষ্ঠানের শেষ অংশে পাঁচজন স্মরণীয় ব্যক্তিত্বের জীবন আধারে নির্মিত একটি নাটক অভিনীত হয়। সমস্ত ভাগের পরিবেশনা হয় সোসাইটির সদস্য-সদস্যাদের অংশগ্রহণে। এই আয়োজনের বিষয়ে সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় বলেন, -“সোসাইটি সবসময়ই নূতন নূতন ভাবনায় আঙ্গিকে নিজেদের মেলে ধরে চারপাশের মানুষের কাছে যাতে সবাই আনন্দ পান সমৃদ্ধ হন, এই অনুষ্ঠান তারই প্রতিফলন”।
