সম্প্রীতির বন্ধনের বার্তা নব বারাকপুর থানার পুলিশের
নিজস্ব সংবাদদাতা
রাখি বন্ধনে পুলিশের বড় বার্তা, সাধারণ মানুষকে রাখি পরিয়ে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করল নববারাকপুর থানার পুলিশ। ভাই-বোনের ভালোবাসা, স্নেহ ও পারস্পরিক আস্থার প্রতীক রাখি বন্ধন উৎসব। সেই উৎসবকে সামনে রেখে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা দিতে অভিনব উদ্যোগ নিল নিউ বারাকপুর থানার পুলিশ। সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নিলেন পুলিশকর্মীরা।
শুক্রবার দুপুরে থানা এলাকায় রিকশা চালক, হকার, পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট শিশু কিশোর থেকে বাইক আরোহী—সকলের হাতেই রাখি পরিয়ে লাড্ডু তুলে দেন পুলিশকর্মী ও মহিলা পুলিশ কর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নববারাকপুর থানার আইসি সুপ্রিয় কুন্ডু সহ পুলিশের একাধিক আধিকারিক, পুলিশকর্মী ও মহিলা পুলিশ কর্মীরা।
পুলিশের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষও। তাঁদের বক্তব্য, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ যে সমাজের মানুষের পাশে থেকে সম্প্রীতি ও মানবিকতার বার্তাও দিতে পারে, নববারাকপুর পুলিশের এই কর্মসূচি তারই একটি সুন্দর উদাহরণ।
