শিডিউল রেট থেকে ডিএলপি,
একাধিক দাবিতে সরব পিডব্লিউডি ঠিকাদার সংগঠন
কলকাতা, ১৮ জুলাই: শিডিউল রেট বাজারমূল্যের সঙ্গে সমানুপাতিক হারে বৃদ্ধি, দীর্ঘদিনের বকেয়া পাওনা দ্রুত মেটানো, ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড (ডিএলপি) কমানো এবং রয়্যালটি সংক্রান্ত একাধিক সমস্যার সমাধানের দাবিতে অষ্টম বার্ষিক সাধারণ সভায় সরব হলেন গ্রেটার কলকাতা পিডব্লিউডি কন্ট্রাক্টর্স’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সংগঠক ও সদস্যরা। সম্প্রতি কলকাতার ভারত সভা হলে আয়োজিত এই সভায় বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা, পেশার বর্তমান পরিস্থিতি এবং ঠিকাদারদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়।
সংগঠনের দীর্ঘদিনের দাবিগুলির মধ্যে রয়েছে— শিডিউল রেট বাজারমূল্যের সঙ্গে সমানুপাতিক হারে বৃদ্ধি, বকেয়া পাওনা দ্রুত আদায়, ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড, অর্থাৎ সিকিউরিটি মানি ফেরতের সময়সীমা কমানো (২৯১১-এর ১৭ নম্বর ধারার সংযোজন) এবং রয়্যালটির ৩৫/৩৬ নম্বর ধারা বাতিল করা। সভায় বক্তারা অভিযোগ করেন, গত প্রায় ৫০ বছরে এই পেশা এবং এর সঙ্গে যুক্ত মানুষের সামাজিক ও পেশাগত মর্যাদা ক্রমশ অবনমিত হয়েছে। তাঁদের বক্তব্য, দেশের জিডিপিতে কৃষির পরেই এই ক্ষেত্রের গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও গত ১৫ বছরে এই পেশার অবস্থার উল্লেখযোগ্য অবনতি ঘটেছে। ফলে বহু ঠিকাদার আর্থিক ও প্রশাসনিক নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন
সভায় সভাপতির বক্তব্যে রাজা মুখার্জি বলেন, দীর্ঘ দুই দশকের পথচলায় আমাদের সংগঠন আজ কলকাতার পিডব্লিউডি ঠিকাদার সমাজের কাছে আস্থা, ঐক্য ও বিশ্বাসের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই অর্জন কোনও একক ব্যক্তির নয়, এটি সকল সদস্যের নিষ্ঠা, পরিশ্রম ও পারস্পরিক সহযোগিতার ফল। ‘গ্রেটার কলকাতা পিডব্লিউডি কন্ট্রাক্টর্স’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান উদ্দেশ্য এই পেশার সঙ্গে যুক্ত সকলের মৌলিক অধিকার রক্ষায় ধারাবাহিকভাবে লড়াই চালিয়ে যাওয়া। সংগঠনের সম্পাদক দেবাশিস সরকার বলেন, আমাদের আশা, নতুন সরকার পূর্ণাঙ্গ এসওপি কার্যকর করার পাশাপাশি বকেয়া পাওনা, ডিএলপি, রয়্যালটি-সহ সমস্ত সমস্যার সমাধান করে আমাদের পেশাকে আরও শক্তিশালী করবে।
