।। অধীরের হাত ধরে বসিরহাটে তৃণমূলে বড় ভাঙন, কংগ্রেসে যোগ দিলেন প্রায় সাড়ে চারশ নেতা-কর্মী ।।
বসিরহাট : বসিরহাটে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল কংগ্রেসের যোগদান কর্মসূচি। রবিবার শহর বসিরহাটের টাউন হল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় সাড়ে চারশ জন নেতা, কর্মী ও সমর্থক কংগ্রেসে যোগদান করেন। অনুষ্ঠানে নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান অধীর রঞ্জন চৌধুরী। দলীয় সূত্রের দাবি, বসিরহাটের বিভিন্ন প্রান্ত থেকে এই নেতা-কর্মীরা কংগ্রেসে যোগ দেন। তাদের মধ্যে বসিরহাটের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব অসিত মজুমদারের যোগদান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে জেলা কংগ্রেস নেতৃত্ব। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই নেতার কংগ্রেসে যোগদান আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করবে বলেই দাবি দলের।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, “রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বহু মানুষ বিকল্প রাজনৈতিক শক্তির খোঁজ করছেন। সাধারণ মানুষের স্বার্থে কংগ্রেসই গণতান্ত্রিক ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে।” সেই কারণেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে কর্মী-সমর্থকেরা কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে তার দাবি।
এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা আইএনটিইউসি নেতা হিরন্ময় দাস ও অমিত মজুমদার সহ জেলা ও মহকুমার একাধিক কংগ্রেস নেতা। নতুন সদস্যদের নিয়ে আগামী দিনে বসিরহাটে সাংগঠনিক শক্তি আরও বাড়ানোর লক্ষ্য নিয়েই কাজ শুরু হবে বলে জানান তারা। কংগ্রেসের দাবি, এই যোগদানের ফলে বসিরহাট মহকুমায় দলের সাংগঠনিক ভিত আরও মজবুত হবে এবং আগামী রাজনৈতিক লড়াইয়ে এর ইতিবাচক প্রভাব পড়বে।
