বিজেপির দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির সারেঙ্গার পি মোড়ে।
সাধন মন্ডল বাঁকুড়া:—রাইপুর বিধানসভার ৩ নম্বর মণ্ডলের উদ্যোগে পি মোড়ের মনীন্দ্র-মেনকা স্মৃতি সারদা শিশু মন্দির প্রাঙ্গণে দু’দিনব্যাপী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান অনুষ্ঠিত হয়। শনিবার পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শিবিরের সূচনা করেন রাইপুর বিধানসভার বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা। রবিবার কর্মসূচির সমাপ্তি হয়।
প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা বিশিষ্ট শিক্ষক বিবেকানন্দ পাত্র, ৩ নম্বর মণ্ডল সভাপতি চঞ্চল পাত্র, সহ-সভাপতি শিলাদিত্য সরকার, বিধানসভা কনভেনার প্রসূন হাজরা- নেতৃত্ব ধবলেন্দু মিশ্রসহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরা।
শিবিরে সংগঠনকে বুথ স্তর পর্যন্ত আরও শক্তিশালী করা, কর্মীদের আদর্শগত ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, জনসংযোগ সম্প্রসারণ এবং দলের নীতি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে উপস্থিত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। শিবির উদ্বোধন করে বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা বলেন, এই কর্মসূচির মাধ্যমে কর্মীদের রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা আরও বৃদ্ধি করায় শিবিরের মূল উদ্দেশ্য ও লক্ষ্য। তিন নম্বর মণ্ডল সভাপতি চঞ্চল পাত্র বলেন, সেবা, সুশাসন ও গরিব কল্যাণের আদর্শকে সামনে রেখে আগামী দিনে সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভারতীয় জনতা পার্টির কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের নির্দেশে এই শিবির সারা রাজ্যজুড়ে অনুষ্ঠিত হচ্ছে।
