উন্নত স্বাস্থ্য ও নিরবচ্ছিন্ন চিকিৎসা পরিষেবার লক্ষ্যে হেলথ প্লাসের উদ্যোগ
কলকাতা, নভেম্বর: হাসপাতালের চিকিৎসা শেষ হওয়ার পরেও অনেক রোগীর নিয়মিত চিকিৎসা, ওষুধ সেবন, শারীরিক অবস্থার পর্যবেক্ষণ এবং সুস্থ হয়ে ওঠার জন্য বিশেষ যত্নের প্রয়োজন হয়। এই প্রয়োজনের কথা মাথায় রেখে হেলথ প্লাস হোম হেলথকেয়ার বাড়িতেই পেশাদার চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে, যাতে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরেও রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা পান।
প্রতিষ্ঠার পর থেকে হেলথ প্লাস বাড়ি ও হাসপাতাল মিলিয়ে প্রায় ২,০০০ রোগীকে পরিষেবা প্রদান করেছে। ১৫০-রও বেশি নার্সিং পেশাদার এবং ৩০ জন সহযোগী চিকিৎসকের মাধ্যমে সংস্থাটি ক্যানসার, ক্রনিক কিডনি ডিজিজ (CKD), COPD, পক্ষাঘাত, ডিমেনশিয়া, আলঝাইমার-সহ বিভিন্ন স্নায়বিক সমস্যায় আক্রান্ত রোগীদের পরিচর্যা করে। পাশাপাশি, গুরুতর অসুস্থ রোগীদের জন্য রয়েছে প্যালিয়েটিভ কেয়ারের ব্যবস্থাও।
সংস্থার পরিষেবার মধ্যে রয়েছে অস্ত্রোপচারের পরবর্তী পরিচর্যা, দীর্ঘমেয়াদি রোগের ব্যবস্থাপনা, নার্সিং সহায়তা, চিকিৎসকদের পরামর্শ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। একইসঙ্গে প্রবীণদের স্বাস্থ্য ও সুস্থতার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সময়মতো স্বাস্থ্য পরীক্ষা এবং রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের মাধ্যমে তাঁদের সুস্থ ও সক্রিয় জীবনযাপনে সহায়তা করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এই প্রসঙ্গে হেলথ প্লাসের প্রতিষ্ঠাতা ও সিইও দেবাশিস রায় বলেন, “প্রত্যেক রোগীর শারীরিক অবস্থা ও প্রয়োজন আলাদা। তাই তাঁদের পরিচর্যার পদ্ধতিও হওয়া উচিত সেই অনুযায়ী। আমাদের লক্ষ্য, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরেও রোগীরা যেন প্রয়োজনীয় নার্সিং সহায়তা, চিকিৎসকদের পরামর্শ এবং নিয়মিত পরিচর্যা পান। পাশাপাশি, প্রবীণদের স্বাস্থ্যের দিকেও সময়মতো নজর দিয়ে তাঁদের জীবনযাত্রার মান উন্নত করতে আমরা সচেষ্ট।”
পরিবর্তিত জীবনযাত্রা এবং দীর্ঘমেয়াদি রোগের ক্রমবর্ধমান প্রবণতার মধ্যে হোম হেলথকেয়ার স্বাস্থ্য পরিষেবার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। বাড়ির পরিচিত পরিবেশে পেশাদার চিকিৎসা ও পরিচর্যার সুযোগ রোগীদের সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াকে আরও সহজ করার পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।
