।। শ্রমিকদের দাবি-দাওয়া রক্ষার্থে বসিরহাটে ভারতীয় মজদুর সঙ্ঘের সমাবেশ ।।
বসিরহাট : ভারতীয় মজদুর সঙ্ঘের দলীয় কার্যালয় উদ্বোধন এবং শ্রমিক সমাবেশকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠল বসিরহাট। বসিরহাট রবীন্দ্রভবনে ভারতীয় মজদুর সঙ্ঘের বসিরহাট নগর কমিটির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত শ্রমিকেরা অংশ নেন। সংগঠনের দাবি, সমাবেশে কয়েক হাজার শ্রমিকের জমায়েত হয়েছিল। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সঙ্ঘের উত্তর ২৪ পরগণা জেলার সাধারণ সম্পাদক মনীশ বিশ্বাস, বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য ও বসিরহাট দক্ষিণের বিজেপি নেতা তথা প্রার্থী ডাঃ শৌর্য্য ব্যানার্জী সহ ভারতীয় মজদুর সঙ্ঘের একাধিক শ্রমিক নেতা, কর্মী ও সমর্থক। সমাবেশের পাশাপাশি সংগঠনের দলীয় কার্যালয়েরও উদ্বোধন করা হয়।
শ্রমিকদের বিভিন্ন সমস্যা, তাদের ন্যায্য অধিকার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিয়ে এদিনের সভায় আলোচনা হয়। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কর্মীদের একাধিক সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে। সেই সমস্যাগুলি চিহ্নিত করে শ্রমিকদের পাশে দাঁড়ানো এবং তাদের দাবি-দাওয়া আদায়ে সাংগঠনিকভাবে আন্দোলন গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য।
এদিন বক্তব্য রাখতে গিয়ে বসিরহাট দক্ষিণের বিজেপি নেতা ডাঃ শৌর্য্য ব্যানার্জী তৃণমূল পরিচালিত পূর্ববর্তী সরকারের আমলে শ্রমিক সংগঠনগুলির ভূমিকা নিয়ে সরব হন। তার অভিযোগ, সেই সময়ে বিভিন্ন শ্রমিক সংগঠন কার্যত তোলাবাজির আখড়ায় পরিণত হয়েছিল। শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের পরিবর্তে টাকা লেনদেনকে প্রাধান্য দেওয়া হত বলেও অভিযোগ করেন তিনি। যদিও তার এই অভিযোগের বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া এদিন পাওয়া যায়নি। শৌর্য্য ব্যানার্জীর দাবি, এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। শ্রমিকদের স্বার্থে ভারতীয় মজদুর সঙ্ঘ সবসময় তাদের পাশে থাকবে। শ্রমিকদের বিভিন্ন সমস্যা এবং দাবি-দাওয়া প্রশাসনের কাছে তুলে ধরার পাশাপাশি প্রয়োজনীয় পরিষেবা পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও সংগঠন সক্রিয় ভূমিকা নেবে বলে জানান তিনি। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, শ্রমিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতেই বসিরহাটে এই কার্যালয় চালু করা হল। এর মাধ্যমে মহকুমার বিভিন্ন এলাকার শ্রমিকেরা তাদের সমস্যার কথা সংগঠনের নেতৃত্বকে জানাতে পারবেন। শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আগামী দিনে ধারাবাহিক কর্মসূচি নেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে সংগঠনের তরফে।
এদিনের সমাবেশে শ্রমিকদের উপস্থিতি ঘিরে বিজেপি ও ভারতীয় মজদুর সঙ্ঘের কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়। সমাবেশ থেকে শ্রমিকদের সংগঠিত করে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের বার্তাও দেওয়া হয়।
