কাঁঠালিয়া প্রাথমিক বিদ্যালয়ে সেবা সংকল্প অভিযান: পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী ও বিশেষ মধ্যাহ্নভোজ উপহার
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিশিষ্ট বিজ্ঞানী ড. এ পি জে আবদুল কালাম বিশ্বাস করতেন যে একটি শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কাটে তার প্রাথমিক বিদ্যালয়ে। এই সময়েই শিশুর মনে শেখার প্রতি আগ্রহ ও নৈতিকতার ভিত্তি গড়ে ওঠে।
সেই জীবন দর্শনকে সামনে রেখে কাঁঠালিয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে পালিত হলো ‘সেবা সংকল্প অভিযান’। মন্তেশ্বর বিধানসভার মেমারি ২ নম্বর ব্লকের সাতগেছিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সাতগেছিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের উদ্যোগে সোমবার এই সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও সমবায় সমিতির কর্মকর্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বার্তা তুলে ধরেন। পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিতি, পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন এবং যত্রতত্র ময়লা না ফেলে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার শপথ নেওয়া হয়।
সমিতির পক্ষ থেকে বিদ্যালয়ের প্রায় ৭০ জন পড়ুয়ার হাতে তুলে দেওয়া হয় একটি করে অঙ্কন খাতা ও রঙের বাক্স। নতুন খাতা ও রং পেন্সিল হাতে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে কচিকাঁচারা।
এর পাশাপাশি এদিন ছাত্র-ছাত্রীদের জন্য এক বিশেষ মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। মেনুতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, মুরগির মাংস, চাটনি, পাঁপড় এবং রসগোল্লা।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব কুমার সাহা, সহ-শিক্ষক স্বাধীন কুমার পাল এবং সাতগেছিয়া সমবায় সমিতির কর্মী স্বরজ গোস্বামী, নিমাই চন্দ্র মণ্ডল, পার্থ ঘোষ ও অবিনাশ হাজরা সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সমবায় সমিতির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও বিশিষ্টজনেরা।
