।। কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে যোগেশগঞ্জে তৃণমূল ঘনিষ্ঠ নেতার বাড়ি-দোকান ঘেরাও, বিক্ষোভে উত্তাল এলাকা ।।
বসিরহাট : বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ বাজারে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। রবিবার তৃণমূল ঘনিষ্ঠ নেতা চিন্ময় মণ্ডল, পম্পা মণ্ডল ও মৃন্ময়ী মণ্ডলের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন বহু স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা নেওয়া হলেও সেই টাকা আর ফেরৎ দেওয়া হয়নি।
বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে অভিযুক্তদের বাড়ি ও দোকানের সামনে জড়ো হয়ে টাকা ফেরতের দাবিতে স্লোগান তোলেন। তাদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনও সমাধান মেলেনি। তাই বাধ্য হয়েই তারা রাস্তায় নেমেছেন। ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ অভিযুক্তদের দোকানে তালা ঝুলিয়ে দেন। তাদের সাফ বক্তব্য, টাকা ফেরত না দেওয়া পর্যন্ত দোকান খুলতে দেওয়া হবে না।
স্থানীয়দের আরও অভিযোগ, তৃণমূলের প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত চিন্ময় মণ্ডল এলাকায় প্রভাব খাটিয়ে বহু মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নিয়েছেন। পাশাপাশি জমি দখল সহ একাধিক দুর্নীতির অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী এবং হেমনগর কোস্টাল থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গোটা ঘটনার ওপর নজর রাখে। যদিও বিষয়টি নিয়ে হেমনগর কোস্টাল থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
