কাটোয়ার চার পাওয়ারলিফটার-এর সাফল্য, জেলায় ফিরতেই সংবর্ধনা
দেবার্ঘ্য ভট্টাচার্য্য, কাটোয়া,
কাটোয়া পাওয়ারলিফটিং স্পোর্টস অর্গানাইজেশনের অনুমোদিত প্রগ্রেসিভ পাওয়ারলিফটিং অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল-এর আয়োজনে রবিবার উত্তরপাড়ায় অনুষ্ঠিত হয় অল বেঙ্গল অভিষেক ক্লাসিক বেঞ্চ প্রেস ও ডেডলিফটিং প্রতিযোগিতা। প্রতিযোগিতায় কাটোয়া আনন্দ সংঘের চারজন প্রতিযোগী সাফল্য অর্জন করেন।
মাস্টার-৩ বিভাগে ৬৩ কেজি ওজন গ্রুপে স্বপন রঞ্জন আচার্য্য ১১০ কেজি ওজন তুলে প্রথম স্থান অধিকার করেন। একই বিভাগের ৫৯ কেজি ওজন গ্রুপে জগন্নাথ ভক্ত বেঞ্চ প্রেসে প্রথম স্থান এবং পাওয়ারলিফটিংয়ে ১৫০ কেজি ওজন তুলে প্রথম স্থান অর্জন করেন।
মাস্টার-২ বিভাগে ৮৩ কেজি ওজন গ্রুপে ননী গোপাল ভক্ত বেঞ্চ প্রেসে প্রথম স্থান অধিকার করার পাশাপাশি পাওয়ারলিফটিংয়ে ২৩০ কেজি ওজন তুলে প্রথম স্থান অর্জন করেন। অন্যদিকে, মাস্টার-১ বিভাগে ৯৩ কেজি ওজন গ্রুপে রাজা ঘোষ ২৪০ কেজি ওজন তুলে দ্বিতীয় স্থান অধিকার করেন।
সোমবার কাটোয়ায় ফিরে এলে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে সফল প্রতিযোগীদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তারক চন্দ্র দে।
