সাইবার প্রতারণা রুখতে বান্দোয়ান থানায় সচেতনতা শিবির।
সঞ্জয় হালদার,
এক ছাতার তলায় শতাধিক ব্যবসায়ী পুরুলিয়া জেলার
বান্দোয়ান থানায় সাইবার প্রতারণা ও অনলাইন জালিয়াতি সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করতে মঙ্গলবার বান্দোয়ান থানায় আয়োজিত হল বিশেষ সাইবার সচেতনতা কর্মসূচি। এলাকার বিভিন্ন পেশার ব্যবসায়ী ও পরিষেবা প্রদানকারীদের নিয়ে আয়োজিত এই সচেতনতা শিবিরে প্রায় শতাধিক জন উপস্থিতি ছিল।
অনুষ্ঠানে অংশ নেন এলাকার ঠিকাদার, স্বর্ণ ব্যবসায়ী, রেশন ডিলার, ইটভাটার মালিক, CSP অপারেটর-সহ বিভিন্ন ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা। বর্তমান সময়ে ক্রমবর্ধমান সাইবার অপরাধের হাত থেকে নিজেদের এবং গ্রাহকদের কীভাবে সুরক্ষিত রাখা যায়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পুরুলিয়া সাইবার থানার একটি বিশেষ দল এই সচেতনতা অধিবেশন পরিচালনা করে। সাইবার প্রতারণার বিভিন্ন কৌশল, অনলাইন লেনদেনের সময় সতর্কতা, সন্দেহজনক লিঙ্ক ও ফোনকল থেকে সাবধান থাকা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে উপস্থিতদের সচেতন করা হয়।
বিশেষ করে ব্যবসায়ী ও CSP অপারেটরদের মতো যাঁরা প্রতিদিন আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত, তাঁদের ক্ষেত্রে সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি কোনও ব্যক্তি সাইবার প্রতারণার শিকার হলে দ্রুত কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেই বিষয়েও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
বান্দোয়ান থানার এই উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী মহলে যথেষ্ট সাড়া পড়ে। উপস্থিত অংশগ্রহণকারীরাও সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির এই উদ্যোগকে সাধুবাদ জানান।
