।। মাদকের বিরুদ্ধে পথে হাড়োয়া থানা, সচেতনতার বার্তা নিয়ে পুলিশের র্যালি ।।
বসিরহাট : মাদকের বিরুদ্ধে পথে হাড়োয়া থানা, সচেতনতা র্যালিতে পুলিশের বার্তা। মাদকের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ কর্মসূচি নিল হাড়োয়া থানার পুলিশ। বসিরহাটের হাড়োয়ায় থানার উদ্যোগে আয়োজিত এই মাদকবিরোধী সচেতনতা অভিযানে পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়ার এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহম্মদ পারভেজ আলমের নেতৃত্বে থানার চত্বর থেকে একটি সচেতনতা র্যালি বের হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা হাতে মাদকবিরোধী বিভিন্ন বার্তা লেখা প্ল্যাকার্ড নিয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেন। পথচলতি মানুষ এবং স্থানীয় বাসিন্দাদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান পুলিশ আধিকারিকরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন থানার এসআই পল্টু সরকার, সমাজসেবী পার্থ চট্টোপাধ্যায় সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি। বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে শুধু পুলিশের অভিযানই যথেষ্ট নয়, সমাজের প্রতিটি মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগেই তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা সম্ভব।
মাদকবিরোধী এই সচেতনতা কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও সাড়া ছিল চোখে পড়ার মতো। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বহু মানুষ ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার দাবি জানান।
