।। বসিরহাটে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপকৃত বহু মানুষ, ছানি রোগীদের দেওয়া হল বিশেষ পরামর্শ ।।
বসিরহাট : বসিরহাটে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির, উপকৃত বহু মানুষ। সাধারণ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এবং চক্ষু সংক্রান্ত সমস্যার দ্রুত শনাক্তকরণের লক্ষ্যে বসিরহাটে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বসিরহাটের শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিবিরে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার সুযোগ পান। শিবিরে উপস্থিত অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী ও ফিটনেস কোচদের সহযোগিতায় সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি চক্ষু বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয় এবং যাদের ছানি সহ বিভিন্ন চোখের সমস্যা ধরা পড়ে, তাদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। প্রয়োজনে পরবর্তী চিকিৎসার জন্যও পরামর্শ প্রদান করা হয়।
আয়োজকদের দাবি, এই ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য হলো প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া এবং চোখের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। অনেকেই আর্থিক বা অন্যান্য কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। তাদের কথা মাথায় রেখেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমের জেনারেল সেক্রেটারি স্বামী সারদাত্মানন্দ মহারাজ। তারা এই ধরনের সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন। শিবির সফলভাবে সম্পন্ন হওয়ায় চিকিৎসক, স্বেচ্ছাসেবক, আশ্রম কর্তৃপক্ষ এবং উপস্থিত সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ওই সংগঠনের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য স্বাস্থ্য সচেতনতা ও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত আরও কর্মসূচি গ্রহণ করা হবে।
