।। ৮০তম স্বাধীনতা দিবসে ঘোজাডাঙ্গা সীমান্তে সৌহার্দ্যের ছবি, সীমান্তে ভারত-বাংলাদেশের জওয়ানদের মিষ্টি বিনিময় ।।
বসিরহাট : ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার উৎসবের আবহে স্বাধীনতা দিবস পালিত হল ভারত-বাংলাদেশের ঘোজাডাঙ্গা সীমান্তে। এদিন ঘোজাডাঙ্গা সীমান্তে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন বিএসএফের ১০২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। পতাকা উত্তোলনের পাশাপাশি স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে ঘোজাডাঙ্গা সীমান্তে দেখা গেল ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং দুই দেশের প্রশাসনিক আধিকারিকদের মধ্যে সৌহার্দ্যের ছবি। বিএসএফ, ইমিগ্রেশন, শুল্ক দপ্তর এবং ঘোজাডাঙ্গা কার্গো অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জিরো পয়েন্টে গিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, স্থলবন্দর ও ইমিগ্রেশন দপ্তরের আধিকারিকদের হাতে মিষ্টি তুলে দেন। পাল্টা বাংলাদেশের পক্ষ থেকেও বিজিবি এবং অন্যান্য দপ্তরের আধিকারিকরা বিএসএফ ও ভারতীয় প্রশাসনের প্রতিনিধিদের হাতে মিষ্টি তুলে দেন। সীমান্তের কাঁটাতার, কড়া নিরাপত্তা এবং আন্তর্জাতিক সীমারেখার মাঝেও এদিন দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের পরিবেশ নজরে আসে। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মিষ্টিমুখের মধ্য দিয়ে দুই দেশের মানুষের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের উষ্ণতাও ফুটে ওঠে। ঘোজাডাঙ্গা সীমান্ত ভারত-বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলির অন্যতম। প্রতিদিন এই সীমান্ত দিয়ে পণ্য পরিবহণের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক ও বাণিজ্যিক কাজকর্ম চলে। ফলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, কাস্টমস, ইমিগ্রেশন এবং স্থলবন্দর কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। স্বাধীনতা দিবসের দিন সেই সম্পর্কেরই একটি সৌহার্দ্যপূর্ণ ছবি ধরা পড়ে জিরো পয়েন্টে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোজাডাঙ্গা সি এন্ড এফ এর সভাপতি জয়দেব সরকার, সম্পাদক মিহির ঘোষ ও সহ-সভাপতি বাপি বিশ্বাস সহ একাধিক পদাধিকারীরা। এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে রাজনৈতিক প্রতিনিধিদেরও দেখা যায় সীমান্তে। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী ডাঃ শৌর্য্য ব্যানার্জি-সহ বেশ কিছু বিজেপি কর্মী ঘোজাডাঙ্গা সীমান্তে গিয়ে বাংলাদেশের বিজিবি এবং সংশ্লিষ্ট আধিকারিকদের হাতে মিষ্টি তুলে দেন। তারাও বাংলাদেশের আধিকারিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। স্বাধীনতা দিবসের সকালে ভারতের জাতীয় পতাকা উত্তোলন থেকে শুরু করে জিরো পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও প্রশাসনিক আধিকারিকদের মধ্যে মিষ্টি বিতরণ, সব মিলিয়ে ঘোজাডাঙ্গা সীমান্তে এদিন ধরা পড়ল এক ভিন্ন ছবি। আন্তর্জাতিক সীমান্তের দুই প্রান্তে আলাদা রাষ্ট্রের পরিচয় থাকলেও পারস্পরিক সৌহার্দ্য, প্রতিবেশীসুলভ সম্পর্ক এবং ভ্রাতৃত্বের বার্তাই যেন প্রাধান্য পেল এই বিশেষ দিনে।
