তৃণমূলী দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সাংবাদিক ও মা
সাংবাদদাতা, বসিরহাট : বেআইনি মঞ্চ তৈরিতে বাধা দিতে গিয়ে তৃণমূলী দুষ্কৃতীদের হাতে এবার আক্রান্ত হলেন ‘সংবাদ প্রতিদিনে’র সাংবাদিক গোবিন্দ রায়। তাকে বাঁচাতে গেলে তার মাকেও মারধর করা হয় বলে অভিযোগ। শুক্রবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার গোয়ালপোতা বার্মা কলোনি এলাকায়। স্থানীয় ক্লাব ‘মাস্টার দা সূর্যসেন স্মৃতি সংঘ’ ক্লাবের মনসা পুজো। তার জন্যই বেআইনি ভাবে মঞ্চ বাধা হচ্ছিল গোবিন্দর উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি ও পুকুরের ওপর। ওকোনও অনুমতি ছাড়া বেআইনিভাবে ওই মঞ্চের বাধা দিতে যায় সে। তা নিয়েই বচসা। আর তার জেরে ওই ক্লাবের সদস্য তথা বসিরহাট পুরসভার ৭ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৌশিক দত্ত ঘনিষ্ঠ গৌতম চৌধুরি ওরফে কালু, পীযূষ চৌধুরী (পাপ্পু), দেবজ্যোতি দাশ, বিশ্বজিৎ দাশ লোকজন ডেকে পরিকল্পিত হামলা চালায়। বাঁশ, কাঠের তক্তা দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। সেখানে উপস্থিত তাঁর মা বাধা দিতে গেলে, তাকেও মারধর করা হয়। কোনও রকমে প্রাণ বাঁচিয়ে এলাকা ছাড়েন তারা। মারধরের সময়ে অভিযুক্ত কালু মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। অভিযোগকারী জানান, এর আগেও ওই একই ব্যক্তিদের বিরুদ্ধে বসিরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছিল।অভিযুক্তরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গেছে।