সুন্দরবনের রায়মঙ্গল নদীর পাড়ে ২০০ ফুট ধস, আতঙ্কে হিঙ্গলগঞ্জের গ্রামবাসীরা
বসিরহাট : সুন্দরবনের রায়মঙ্গল নদীর পাড়ে প্রায় ২০০ ফুট অংশজুড়ে ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি পঞ্চায়েত এলাকায়। রমাপুর স্কুলবাড়ির ঘাট সংলগ্ন এলাকায় এই ধস দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। লাগাতার বৃষ্টিতে নদীর পাড়ের বিস্তীর্ণ অংশ ধসে যাওয়ায় আগামী দিনে আরও বড় অংশ ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বিশেষ করে বর্ষার সময় নদীতে জলস্তর বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, নদীর পাড়ের এই অংশ দীর্ঘদিন ধরেই দুর্বল ছিল। বর্তমানে প্রায় ২০০ ফুট অংশে ধস নামায় এলাকার মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত পাড় বাঁধানো এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ইতিমধ্যেই বিষয়টি একাধিক সরকারি আধিকারিককে জানিয়েছেন গ্রামবাসীরা। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
