সরগ্রামে ধুমধাম করে পালিত মা ঝঙ্কেশ্বরী দেবীর বাৎসরিক পুজো
রাহুল রায়,কাটোযাঃ
সোমবার,পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ ব্লকের সরগ্রামে ধুমধামের সঙ্গে পালিত হলো মা ঝঙ্কেশ্বরী দেবীর বাৎসরিক পুজো। শতাধিক বছরের প্রাচীন এই পুজোকে ঘিরে এদিন সকাল থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। মন্দির চত্বর ভক্তদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, মা ঝঙ্কেশ্বরী দেবীর মূর্তিটি কাঁদর নদী থেকে উদ্ধার হয়েছিল। বহু বছর আগে নদী খননের কাজ চলার সময় শ্রমিকরা মাটির নীচে একটি মূর্তি দেখতে পান। পরে সেই মূর্তিটি উদ্ধার করে গ্রামের পুরোহিতদের হাতে তুলে দেওয়া হয়। কষ্টিপাথরের তৈরি ওই মূর্তিটি গ্রামের একটি শিবমন্দিরে প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকেই শ্রাবণ মাসের শেষা পঞ্চমীতে প্রতিবছর নিয়ম-রীতি মেনে মা ঝঙ্কেশ্বরী দেবী হিসেবে তাঁর পুজো হয়ে আসছে।
পুজো উপলক্ষে এদিন গ্রামের বাড়িতে বাড়িতে আত্মীয়-স্বজনের সমাগম ঘটে। সকাল থেকেই মন্দিরে ভক্তদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। পুজোকে কেন্দ্র করে গ্রামে বসেছে মেলাও। মেলায় বিভিন্ন ধরনের দোকানের পাশাপাশি শিশু ও সাধারণ মানুষের জন্য রয়েছে নানা আকর্ষণ।
পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে মা ঝঙ্কেশ্বরী দেবীর বাৎসরিক পুজোকে কেন্দ্র করে উৎসবের আবহে মেতে উঠেছেন সরগ্রামের বাসিন্দারা।
