খুঁটিপুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর শুভ সূচনা আগরপাড়া গাঙ্গুলি পাড়ায়
দীপঙ্কর সমাদ্দার:
পিতৃপক্ষের অবসান হতে এখনো দেরি, তবুও মা আসছেন। আর মায়ের আগমনকে স্বাগত জানাতে আজ খুঁটিপুজোর মাধ্যমে শারদোৎসবের শুভারম্ভ হলো আগরপাড়া গাঙ্গুলি পাড়ায়।এবছর এই পুজো ৪০ তম বর্ষে পদার্পণ করেছে। পুরোহিতের উদার কন্ঠে মন্ত্রপাঠে, ঢাকের বোলে এবং মহিলাদের উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুজো প্রাঙ্গণ। প্রথমে গণেশ বন্দনা, তারপর দুর্গা মন্ত্র উচ্চারণ করে পুজোর প্রথম খুঁটিটি স্থাপন করা হয়। এই খুঁটিটিই হলো মণ্ডপের মূল ভিত্তি, যা মা দুর্গার আগমনের প্রতীক অনুষ্ঠানে উপস্থিত ছিল পাড়ার অধিবাসী বৃন্দ সহ বিশিষ্টজনেরা।
ক্লাবের সভাপতি শুভেন্দু গাঙ্গুলী জানালেন “খুঁটিপুজো মানেই বাঙালির মনে পুজো এসে গেল। আমরা চাই মা সকলের মঙ্গল করুন।” ক্লাবের সম্পাদক শুভঙ্কর মল্লিক, মুনমুন ঘোষ সহ সুশান্ত কর্মকার, দিব্যেন্দু দাস, দোলন পাল, ঝুমা সমাদ্দার জানান, সম্পূর্ণ সাবেকিআনায় এবার আমরা মায়ের আরাধনায় ব্রতী হবো। সব থেকে বড় ভালো লাগে পাড়ার সবাই একত্রিত হয়ে এই উৎসবকে ঘিরে পারস্পারিক মৈত্রী অটুট বন্ধন গড়ে ওঠে এবং মা দুর্গার কাছে শুভ কামনা করা হয়, যাতে পাড়ার প্রত্যেক অধিবাসীর মঙ্গল হয়। খুঁটিপুজোর পর থেকেই জোরকদমে মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে যাবে। খুঁটিপুজো শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
