এইচসিজি কলকাতার সাইকেল র্যালিতে ৩৫০-এরও বেশি মানুষের অংশগ্রহণ, ফুসফুসের ক্যানসার সচেতনতার বার্তা
কলকাতা, ২৮ নভেম্বর, ২০২৬: ফুসফুসের ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে এইচসিজি ক্যানসার সেন্টার, কলকাতার উদ্যোগে শনিবার নিউ টাউনে ১২ কিলোমিটারের একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়। এই র্যালিতে ৩৫০-এরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। শারীরিকভাবে সক্রিয় থাকা, ফুসফুসের ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলি চিহ্নিত করা এবং দীর্ঘস্থায়ী উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
এইচসিজি কলকাতা সাইক্লোথন ২০২৬-এর সূচনা ও সমাপ্তি হয় নিউ টাউনে অবস্থিত হাসপাতাল প্রাঙ্গণে। সকালে জুম্বা ওয়ার্ম-আপের পর সকাল ৬টা ১৫ মিনিটে এইচসিজি ক্যানসার সেন্টার, কলকাতার চিফ অপারেটিং অফিসার শ্রী গুরবিন্দর সিং এবং মেডিক্যাল অনকোলজির সিনিয়র কনসালট্যান্ট ডাঃ সঞ্চয়ন মণ্ডল পতাকা নেড়ে র্যালির সূচনা করেন। র্যালি সম্পূর্ণ করার পর অংশগ্রহণকারীদের পদক দিয়ে সম্মানিত করা হয়।
২০২২ সালে প্রতিষ্ঠিত সাইক্লিং গোষ্ঠী ‘সোয়েট অন হুইলস’-এর সহযোগিতায় এবং ‘এন্ডুরেন্স স্পোর্টস’-এর সঙ্গে যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। মেন্টর শ্রী সুনীল মালানির নেতৃত্বে এই গোষ্ঠী নিয়মিত সাইক্লিং রাইডের আয়োজন করে। নিরাপদে সাইকেল চালানোর পাশাপাশি সদস্যদের সন্তানদেরও এই ধরনের কার্যকলাপে উৎসাহিত করা তাদের অন্যতম লক্ষ্য।
সকালের এই কর্মসূচিতে নির্বাচিত কয়েকজন সাইক্লিস্টকে বিশেষভাবে সম্মানিত করা হয়। পাশাপাশি ছিল জলখাবারের আয়োজন। নিয়মিত শরীরচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলা এবং পরিবারের সদস্যদের মধ্যে নির্ভরযোগ্য স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ছড়িয়ে দেওয়ার বার্তাও দেওয়া হয় এই উদ্যোগের মাধ্যমে।
এইচসিজি ক্যানসার হসপিটালসের রিজিওনাল বিজনেস হেড (ইস্ট ও অন্ধ্রপ্রদেশ) ডাঃ রূপালি বসু বলেন, “ফুসফুসের ক্যানসার সম্পর্কে সচেতনতার ক্ষেত্রে আমাদের বার্তা হল—‘উপসর্গের কথা শুনুন’। নিজের শরীরের সংকেতগুলিকে বুঝুন এবং গুরুত্ব দিন। দীর্ঘদিন ধরে কাশি, অকারণে শ্বাসকষ্ট কিংবা হঠাৎ ওজন কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সব ধরনের ক্যানসারের ক্ষেত্রেই শরীরের দীর্ঘস্থায়ী পরিবর্তনগুলির বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। এই সাইকেল র্যালির মাধ্যমে আমরা সেই বার্তা প্রতিটি পরিবার ও বৃহত্তর সমাজের কাছে পৌঁছে দিতে চাই।”
এইচসিজি ক্যানসার সেন্টার, কলকাতার চিফ অপারেটিং অফিসার শ্রী গুরবিন্দর সিং বলেন, “সাইকেল চালানো একটি আনন্দদায়ক শরীরচর্চা, যা শারীরিক সহনশীলতা বাড়ানোর পাশাপাশি হৃদযন্ত্র ও ফুসফুসের কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে। এই ধরনের সম্মিলিত সাইক্লিং উদ্যোগ মানুষকে নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করে।”
এইচসিজি ক্যানসার সেন্টার, কলকাতার মেডিক্যাল অনকোলজির সিনিয়র কনসালট্যান্ট ডাঃ সঞ্চয়ন মণ্ডল বলেন, “নিয়মিত শারীরিক পরিশ্রম শরীরকে সুস্থ রাখতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তবে এর মাধ্যমে ধূমপানের ক্ষতিকর প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব নয়। ফুসফুস সুস্থ রাখতে তামাকজাত দ্রব্য এবং অন্যের ধূমপানের ধোঁয়া থেকেও দূরে থাকা অত্যন্ত জরুরি। মনে রাখা প্রয়োজন, যাঁরা কখনও ধূমপান করেননি, তাঁদেরও ফুসফুসের ক্যানসার হতে পারে।”
