ঐতিহ্যের টানে ট্রামে ফিরল ইতিহাস
ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা: শহরের বুকে ঐতিহ্যের স্মৃতি ধরে রাখতে এবং ক্রমশ হারিয়ে যেতে বসা ট্রাম পরিষেবাকে বাঁচিয়ে রাখার বার্তা দিতে বিশেষ উদ্যোগ নিল কলকাতার মুদ্রা সংগ্রাহক সমিতি ও ইনস্টিটিউট অব টাউন প্ল্যানার্স ইন্ডিয়া। বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উপলক্ষে সম্প্রীতি গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে ধর্মতলা পর্যন্ত আয়োজন করা হয় এক বিশেষ ঐতিহ্যবাহী ট্রামযাত্রার। প্রায় ৩০ জন যাত্রী এই ইতিহাস, পুরনো মুদ্রা ও ট্রামপ্রেমী এই যাত্রায় অংশ নেন। এই বিশেষ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল চলন্ত ট্রামের মধ্যেই এক ফ্রেমে মুদ্রা প্রদর্শনী। প্রাচীনকাল থেকে ব্রিটিশ আমল পর্যন্ত বাংলার বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ মুদ্রা প্রদর্শিত হয় সেখানে। মুদ্রাগুলি সংগ্রাহক রবিশঙ্কর শর্মার ব্যক্তিগত সংগ্রহ থেকে আনা হয়েছিল। প্রদর্শনীর মধ্যে ছিল চন্দ্রকেতুগড়ের দ্বিতীয় খ্রিস্টপূর্ব শতাব্দীর প্রাচীন জনপদ মুদ্রা থেকে শুরু করে সপ্তদশ শতাব্দীর শেষভাগের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার প্রেসিডেন্সির মুদ্রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুদ্রা সংগ্রাহক সমিতির সভাপতি এবং ইনস্টিটিউট অব টাউন প্ল্যানার্স ইন্ডিয়ার আঞ্চলিক শাখার চেয়ারম্যান সমরন কুমার দাস। তিনি জানান, ট্রাম কলকাতার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশবান্ধব গণপরিবহণ হিসেবে এই পরিষেবাকে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। পাশাপাশি, শহর ও শহরতলির ভবিষ্যৎ পরিকল্পনাতেও ট্রামকে গুরুত্ব দেওয়ার আবেদন জানান সংস্থার আঞ্চলিক পরিষদের সদস্য ইন্দ্রাণী ধর। এই উপলক্ষে প্রকাশিত হয় বিশেষ স্মারক ট্রাম টিকিট। পাশাপাশি ১৮৯৬ সালের কলকাতার সাধারণ ডাকঘরের একটি ঐতিহাসিক আলোকচিত্র অবলম্বনে তৈরি হয় বিশেষ স্মারক ডাকচিত্র। ট্রামযাত্রীদের হাতে তুলে দেওয়া হয় দু’বছর আগে পর্যন্ত প্রচলিত পুরনো ছাপানো ট্রাম টিকিটের আদলে তৈরি বিশেষ স্মারক। আয়োজকদের মতে, ১৮৭৩ সালে কলকাতায় ঘোড়ায় টানা ট্রামের সূচনা হলেও ১৯০২ সালে বিদ্যুৎচালিত ট্রাম পরিষেবা চালু হয়। সময়ের সঙ্গে শহরের পরিবহণ ব্যবস্থায় ট্রামের গুরুত্ব কমেছে। কিন্তু পরিবেশবান্ধব ও ঐতিহ্যবাহী এই পরিবহণকে হারিয়ে যেতে দেওয়া উচিত নয়। এই যাত্রায় অংশ নিয়ে চিকিৎসক ধৃতিমান মৈত্র স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা এবং কুড়ি বছরের বেশি বয়সি মহিলাদের নিয়মিত স্ব-পরীক্ষার প্রয়োজনীয়তার বার্তাও দেন। সব মিলিয়ে ইতিহাস, ঐতিহ্য, পরিবেশ সচেতনতা ও জনস্বাস্থ্যের বার্তায় ব্যতিক্রমী হয়ে উঠেছিল এই ট্রামযাত্রা।
