কলকাতার দৌড়ে বিশ্বসেরাদের পদচারণার অপেক্ষা
ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা: আন্তর্জাতিক মানের দৌড়বিদদের উপস্থিতিতে আরও একবার বিশ্ব ক্রীড়ামঞ্চে নজর কাড়তে চলেছে কলকাতা। আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে টাটা স্টিল বিশ্ব পঁচিশ কিলোমিটার দৌড়ের একাদশ সংস্করণ। এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে কেনিয়ার ইসাইয়া কিপকোয়েচ লাসোই এবং মহিলা বিভাগে গতবারের বিজয়ী ইথিওপিয়ার দেগিতু আজিমেরাও থাকছেন অন্যতম আকর্ষণ। বিশ্ব অ্যাথলেটিক্সের স্বর্ণপদক স্বীকৃত এই প্রতিযোগিতায় বিশ্বের একাধিক প্রথম সারির দীর্ঘদূরত্বের দৌড়বিদ অংশ নেবেন।কলকাতার দ্রুতগতির দৌড়পথ এবং অনুকূল আবহাওয়া বিশ্বমানের সময় গড়ার ক্ষেত্রে বিশেষ সহায়ক হতে পারে বলে মনে করছেন আয়োজকেরা। প্রতিযোগিতায় মোট পুরস্কারমূল্য প্রায় এক লক্ষ চুয়াত্তর হাজার মার্কিন ডলার। পুরুষ ও মহিলা—উভয় বিভাগেই সমান পুরস্কার রাখা হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা যথাক্রমে পাবেন পনেরো হাজার, দশ হাজার ও সাত হাজার মার্কিন ডলার। পাশাপাশি প্রতিযোগিতার সেরা সময় গড়তে পারলে রয়েছে অতিরিক্ত আট হাজার মার্কিন ডলারের পুরস্কার। পুরুষ বিভাগে লাসোইয়ের ব্যক্তিগত সেরা অর্ধম্যারাথন সময় ৫৮ মিনিট ১০ সেকেন্ড। চলতি বছর আমস্টারডাম ম্যারাথনে তিনি ২ ঘণ্টা ৪ মিনিট ৫৭ সেকেন্ড সময় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর পাশাপাশি থাকছেন ২০২৪ সালের কলকাতা দৌড়ের বিজয়ী উগান্ডার স্টিফেন কিসা এবং তানজানিয়ার গ্যাব্রিয়েল জেরাল্ড গেয়। কেনিয়ার ব্রায়ান কিবোর আকোটির ও জেমস কিপকোগেইও পুরুষ বিভাগে প্রতিদ্বন্দ্বিতাকে আকর্ষণীয় করে তুলবেন। উল্লেখ্য, ২০২৩ সালে কেনিয়ার ড্যানিয়েল সিমিউ এবেনিয়ো ১ ঘণ্টা ১১ মিনিট ১৩ সেকেন্ড সময় করে পুরুষ বিভাগের প্রতিযোগিতা রেকর্ড গড়েছিলেন। মহিলা বিভাগে শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামবেন দেগিতু আজিমেরাও। গত বছর তিনি ১ ঘণ্টা ১৯ মিনিট ৩৬ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবারও প্রতিযোগিতা রেকর্ড ভাঙার প্রত্যাশা প্রকাশ করেছেন তিনি। তাঁর সঙ্গে লড়াইয়ে থাকবেন কেনিয়ার ইভালিন চিরচির ও বিয়াত্রিস জেপচিরচির। এ ছাড়াও থাকছেন উগান্ডার স্টেলা চেসাং, ইথিওপিয়ার মেসেলেচ আলেমায়েহু ও তিগিস্ত তেসেমা। সব মিলিয়ে আন্তর্জাতিক তারকাদের উপস্থিতিতে আগামী ২০ ডিসেম্বর কলকাতার রাজপথে এক জমজমাট ক্রীড়া প্রতিযোগিতার সাক্ষী থাকতে চলেছেন শহরবাসী।
