ইসলামপুরের স্কুলে পড়ুয়াদের জন্য পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা সমাজসেবী রুপমের উদ্যোগে বসলো পিউরিফায়েড ওয়াটার মেশিন
রাহুল রায়,কাটোয়া : স্কুলে পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের জন্য নিরাপদ ও পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা কতটা জরুরি, তা আরও একবার সামনে এল কাটোয়া ২ ব্লকের ইসলামপুরে। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছিলেন ইসলামপুর গোপেন্দ্রনাথ বালো বিদ্যায়তনের পড়ুয়ারা। সেই সমস্যার কথা জানতে পেরে তাঁদের পাশে দাঁড়ালেন কাটোয়া গৌরঙ্গপাড়ার ভূমিপুত্র তথা সমাজসেবী রুপম চট্টোপাধ্যায়। তাঁর উদ্যোগে বিদ্যালয়ে বসানো হল অত্যাধুনিক পিউরিফায়েড ড্রিংকিং ওয়াটার মেশিন। মঙ্গলবার সেই মেশিন চালু হওয়ার পর খুশির হাওয়া স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে।
পড়ুয়াদের পানীয় জলের সমস্যার কথা জানতে পেরে কাটোয়া বিধানসভা এলাকার মোট দুটি শিক্ষা প্রতিষ্ঠানে পানীয় জলের মেশিন বসানোর উদ্যোগ নিয়েছেন সমাজসেবী রুপম চট্টোপাধ্যায়। তারই অংশ হিসেবে মঙ্গলবার ইসলামপুর গোপেন্দ্রনাথ বালো বিদ্যায়তনে বসানো হয় পরিশুদ্ধ ও ঠান্ডা পানীয় জলের মেশিন। প্রয়াত পিতা সত্যেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে মেশিনটি বিদ্যালয়কে প্রদান করেন তিনি।
জানা গিয়েছে, বিদ্যালয়ের শিক্ষিকাদের কাছ থেকে পড়ুয়াদের পানীয় জলের সমস্যার কথা জানতে পারেন ‘ধুলামন্দির’ পত্রিকার সম্পাদক পুষ্পেন বন্দ্যোপাধ্যায়। পরে বিষয়টি তিনি তাঁর বন্ধু রুপম চট্টোপাধ্যায়কে জানান। সমস্যার কথা জানতে পেরেই পড়ুয়াদের জন্য পরিশুদ্ধ ও ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করার উদ্যোগ নেন রুপমবাবু। মঙ্গলবার সেই উদ্যোগ বাস্তব রূপ পায়।
এদিন বিদ্যালয় প্রাঙ্গণে পানীয় জলের মেশিন উদ্বোধনকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায়, সমাজসেবী রুপম চট্টোপাধ্যায়, ‘ধুলামন্দির’ পত্রিকার সম্পাদক পুষ্পেন বন্দ্যোপাধ্যায়, ‘সাম্প্রতিক বহুস্বর’ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক আদিত্য সিংহ, রক্তবন্ধু জয়দেব দত্ত, প্রাক্তন সেনাকর্মী পল্লব কুমার চট্টোপাধ্যায়, সংগীতশিল্পী গৌতম চন্দ্র, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মণ্ডল-সহ শিক্ষক-শিক্ষিকারা।
উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিদ্যালয়ের পক্ষ থেকে উত্তরীয়, মেমেন্টো ও পুষ্পস্তবক দিয়ে রুপম চট্টোপাধ্যায়কে সম্মান জানানো হয়। ছাত্র-ছাত্রীরাও তাঁকে উপহার তুলে দিয়ে শুভেচ্ছা জানায়। পাশাপাশি স্কুল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পড়ুয়াদের গান, ছড়া ও নৃত্য পরিবেশনে প্রাণবন্ত হয়ে ওঠে বিদ্যালয় চত্বর।
নতুন জল মেশিন চালু হতেই পড়ুয়াদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ। পরিশুদ্ধ ও ঠান্ডা জল পান করার জন্য মেশিনের সামনে ভিড় জমায় ছাত্র-ছাত্রীরা। দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা মিটতে চলায় খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা।
