মেমারিতে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রে রক্তদান শিবির
আনোয়ার আলি আনসারী মেমারি
রক্তের কোনও বিকল্প নেই, আর আপনার কয়েক মিনিটের স্বেচ্ছায় রক্তদান একজন রোগীর জীবন বাঁচাতে পারে। তাই সুস্থ ও সক্ষম প্রতিটি মানুষকে জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করা নৈতিক কর্তব্য। আপনার দেওয়া এক ইউনিট রক্তই হয়তো কোনও মায়ের কোল, কোনও সন্তানের ভবিষ্যৎ কিংবা কোনও পরিবারের প্রিয়জনকে বাঁচিয়ে দিতে পারে। মানুষের পাশে দাঁড়ানোর এই মহৎ কর্মসূচি আয়োজিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রে।
মেমারির বিধায়ক মানব গুহ’র উদ্যোগে মঙ্গলবার মেমারি চকদিঘি মোড় সংলগ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রে আয়োজিত হলো রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। স্থানীয় বিধায়ক মানব গুহ জানান, এই মহতী শিবিরে ১৩ জন মহিলা সহ ৮২ জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেছেন। তিনি আরও বলেন মানুষের সেবায় ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কর্মসূচি চালিয়ে যাবেন।
