মেমারিতে বেঙ্গল এগ্রো মেশিনারির উদ্যোগে লঞ্চ হলো কুবোটার ৮ বছর ওয়ারেন্টিযুক্ত নতুন মডেলের ট্রাক্টর
আনোয়ার আলি আনসারী, মেমারি
কৃষি প্রযুক্তিতে আরও এক ধাপ অগ্রগতি। পূর্ব বর্ধমানের মেমারিতে এবার আনুষ্ঠানিকভাবে লঞ্চ হলো জাপানি সংস্থা কুবোটার দুটি নতুন ও অত্যাধুনিক মডেলের ট্রাক্টর। বেঙ্গল এগ্রো মেশিনারি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উন্মোচিত হলো শিল্পের প্রথম ৮ বছরের সুপার ওয়ারেন্টিযুক্ত এই বিশেষ ট্রাক্টর।
চাষের খরচ কমাতে এবং কাজের মান বাড়াতে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য নতুন উপহার নিয়ে এলো বেঙ্গল এগ্রো মেশিনারি কর্পোরেশন। মেমারির নিমো ব্রাঞ্চে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো কুবোটা কোম্পানির MU 5002 এবং MU 4502 মডেলের দুটি শক্তিশালী ট্রাক্টর।
অনুষ্ঠানে সংস্থার প্রশাসনিক প্রধান অরিন্দম মুখোপাধ্যায় জানান, ২০১৩ সাল থেকে রাজ্যে কুবোটার বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করছে বেঙ্গল এগ্রো মেমারি ছাড়াও বর্ধমান, মেদিনীপুর, হুগলি, নদীয়া থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা—রাজ্যের বিভিন্ন প্রান্তে কৃষকদের কাছে হারভেস্টার, ট্রান্সপ্লান্টার ও ট্রাক্টরের নির্ভরযোগ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন তারা।
আন্তর্জাতিক মানের কুবোটা কোম্পানির পক্ষ থেকে জানা যায় এই নতুন ট্রাক্টরের মূল আকর্ষণ এর দীর্ঘমেয়াদী ওয়ারেন্টি। ভারতীয় ট্রাক্টর বাজারে এই প্রথম কোনো কোম্পানি দিচ্ছে সম্পূর্ণ শর্তবিহীন ৮ বছরের সুপার ওয়ারেন্টি!
এছাড়াও ট্রাক্টরগুলি সম্পূর্ণ জাপানি প্রযুক্তিতে তৈরি এবং সরাসরি জাপান থেকেই আমদানি করা হয়। এতে রয়েছে ব্যালেন্সার শ্যাফ্ট প্রযুক্তি, যার ফলে কোনো ধরনের ঝাঁকুনি বা কম্পন ছাড়াই এটি কম তেলে সর্বোচ্চ মাইলেজ দেয়।
পাশাপাশি, সাধারণ হাই ও লো গিয়ারের সঙ্গে যুক্ত হয়েছে বিশেষ ‘মিডিয়াম গিয়ার’ এবং এঁটেল বা কাদা মাটিতে আটকে যাওয়া রোধ করতে এতে দেওয়া হয়েছে মজবুত ‘হাই-ল্যাগ টায়ার’।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুবোটার জোনাল সেলস ম্যানেজার সুশীল কেশরওয়ানী, এরিয়া সেলস ম্যানেজার অভিমন্যু রাউত, প্রভাত কুমার, সার্ভিস ম্যানেজার সন্দীপ সাহা, ডেমো স্ট্রেটর আসিফ হোসেন এবং বেঙ্গল এগ্রো মেশিনারি কর্পোরেশনের ম্যানেজার অরিন্দম মুখোপাধ্যায় সহ আরও অনেকে।
এলাকার প্রায় দেড় শতাধিক কৃষক ও ক্রেতা। লঞ্চের দিনই একাধিক গ্রাহক নতুন এই মডেলের বুকিং করার পাশাপাশি সরাসরি ডেলিভারিও গ্রহণ করেন। জাপানি নির্ভরযোগ্যতা আর দীর্ঘমেয়াদী ওয়ারেন্টিতে নতুন এই ট্রাক্টর কৃষকদের চাষের চিত্র বদলে দেবে বলেই আশাবাদী সংস্থা কর্তৃপক্ষ।
