নন্দীগ্রামের মনসাতলায় শতাব্দীপ্রাচীন মা মনসার পুজো, মহিলাদের ঢাকের তালে উৎসবের আমেজ
রাহুল রায়,কাটোয়া : মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ ব্লকের শ্রীবাটী অঞ্চলের নন্দীগ্রামের মনসাতলায় ধুমধামের সঙ্গে পালিত হলো মা মনসা দেবীর পুজো। শতাধিক বছরের পুরনো এই পুজোকে ঘিরে এদিন সকাল থেকেই উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নন্দীগ্রামের এই মনসা পুজো একটি গাছকে কেন্দ্র করে হয়ে আসছে। গাছের নিচেই দেবীর আরাধনা করা হয়। সেই কারণে স্থানীয়দের কাছে এই পুজো ‘গাছ পুজো’ নামেও পরিচিত। প্রতিবছরের মতো এবছরও বাংলা শ্রাবণ মাসের শেষ দিন, অর্থাৎ সংক্রান্তি তিথিতে গ্রামবাসীদের উদ্যোগে মা মনসার পুজোর আয়োজন করা হয়।
পুজো উপলক্ষে মনসাতলায় ভিড় জমান আশপাশের বহু মানুষ। পুজোকে কেন্দ্র করে মেলা ও উৎসবের আমেজে মেতে ওঠেন গ্রামবাসীরা। বিশেষ আকর্ষণ ছিল ঢাকের বাদ্য। পুরুষদের পাশাপাশি মহিলাদেরও ঢাক বাজাতে দেখা যায়। মহিলাদের ঢাকের তালে উৎসবের আনন্দ আরও কয়েকগুণ বেড়ে যায়।
পুরনো ঐতিহ্য ও লোকবিশ্বাসকে কেন্দ্র করে বছরের পর বছর ধরে এই পুজো হয়ে আসছে। পুজোকে ঘিরে নন্দীগ্রাম-সহ আশপাশের এলাকায় তৈরি হয় এক মিলনমেলার পরিবেশ। ঐতিহ্যবাহী এই মনসা পুজোকে ঘিরে এদিন আনন্দ-উৎসবে মেতে ওঠেন এলাকার মানুষ।
