বজরঙ্গ দলের সেবা সপ্তাহ উপলক্ষে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা ও বৃক্ষরোপণ কর্মসূচি চন্দ্রপুর সেন্ট্রাল হাইস্কুলে
রাহুল রায়,কাটোয়া : বজরঙ্গ দলের সেবা সপ্তাহ উপলক্ষে রবিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ নম্বর প্রখণ্ডের উদ্যোগে চন্দ্রপুর সেন্ট্রাল হাইস্কুলে স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন হরিদ্বারের ভোলাগিরি সন্ন্যাস আশ্রমের সভাপতি আচার্য মহামণ্ডলেশ্বর ১০০৮ শ্রীমৎ স্বামী তেজসানন্দ গিরিজি মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্তবন্ধু জয়দেব দত্ত-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশ্ব হিন্দু পরিষদের বজরঙ্গ দলের সদস্যরা।
এদিনের রক্তদান শিবিরে ৩৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার। রক্তদাতাদের প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ তুলে দিয়ে তাঁদের সম্মান জানানো হয়।
এছাড়াও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু, দন্ত, ফিজিওথেরাপি ও সাধারণ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়, যেখানে এলাকার বহু মানুষ পরিষেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আচার্য মহামণ্ডলেশ্বর ১০০৮ শ্রীমৎ স্বামী তেজসানন্দ গিরিজি মহারাজের হাতে চন্দ্রপুর সেন্ট্রাল হাইস্কুলের মাঠ চত্বরে বৃক্ষরোপণ। সমাজসেবা, স্বাস্থ্য সচেতনতা এবং পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে আয়োজিত এই উদ্যোগকে উপস্থিত সকলেই আন্তরিকভাবে সাধুবাদ জানান।
