।। সন্দেশখালিতে উদ্ধার ৬টি তাজা বোমা, এলাকায় চাঞ্চল্য ।।
বসিরহাট : ন্যাজাট থানার পুলিশের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গেল। গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের সরবেড়িয়া ডুকরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছয়টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। বোমাগুলি উদ্ধার হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে ন্যাজাট থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। তল্লাশির সময় একটি নির্জন এলাকা থেকে পরপর ছয়টি তাজা বোমা উদ্ধার হয়। নিরাপত্তার স্বার্থে বোমাগুলিকে সেখানেই নিষ্ক্রিয় করা হয়। পরে সেগুলি থানায় নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ খতিয়ে দেখছে, কী উদ্দেশ্যে ওই এলাকায় বোমাগুলি মজুত করা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত। ঘটনার পর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
