।। বিয়ের চার মাসের মধ্যেই গৃহবধূর রহস্যমৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ ।।
বসিরহাট : বিয়ের মাত্র চার মাসের মধ্যেই এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বসিরহাটের বাদুড়িয়ায়। মৃতার নাম আত্রেই মুখোপাধ্যায় (২৫)। তার বাপের বাড়ি বাদুড়িয়া রেজিস্ট্রি অফিস চত্বর এলাকায়। চার মাস আগে বাদুড়িয়া থানার আরশুলা গ্রামের বাসিন্দা সায়ন মণ্ডলের সঙ্গে তার বিয়ে হয়েছিল।
মৃতার পরিবারের দাবি, এদিন সকাল প্রায় আত্রেই তার মায়ের সঙ্গে ফোনে কথা বলেন। অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে কথাবার্তা হয়। কিছুক্ষণ পর শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয় যে আত্রেই আর বেঁচে নেই।
খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তারা অভিযোগ করেন, তাদের মেয়েকে খুন করা হয়েছে। শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধেই খুনের অভিযোগ তুলেছেন মৃতার পরিবারের লোকজন। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
