।। নিখোঁজের চার দিন পর গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ঝালমুড়ি ব্যবসায়ীর দেহ ।।
বসিরহাট : নিখোঁজ এক ঝালমুড়ি ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাড়োয়ায়। মৃতের নাম কালিপদ মণ্ডল। তিনি বসিরহাটের হাড়োয়া থানার ধুতুরপোতা এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, গত ১০ জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালিয়েও তার কোনও সন্ধান মেলেনি।
সোমবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে ব্রাহ্মণচক এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ভিড় জমে যায়। পরে বিষয়টি হাড়োয়া থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় কালিপদ মণ্ডল বলে নিশ্চিত করা হয়। এরপর দেহটি উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়। এটি আত্মহত্যা নাকি অন্য কোনও ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
