নাড়াকান্দা উচ্চ বিদ্যালয়ে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের চক্র সম্মেলন ও ‘গুরুবন্ধন’ কর্মসূচি
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:
খয়রাসোল ব্লকের নাড়াকান্দা উচ্চ বিদ্যালয়ে রবিবার অনুষ্ঠিত হলো অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের খয়রাশোল ও খয়রাশোল দক্ষিণ চক্রের প্রথম চক্র সম্মেলন ও ‘গুরুবন্ধন’ কর্মসূচি। শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই সম্মেলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের বীরভূম জেলা সভাপতি বামাচরণ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা সহ-সভাপতি রূপক মণ্ডল-সহ সংগঠনের অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
খয়রাশোল ও খয়রাশোল দক্ষিণ চক্রের প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৮০ জন শিক্ষক-শিক্ষিকা এদিন সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে দুই চক্রের চক্র কমিটি ও মণ্ডল কমিটি ঘোষণা করা হয়।
আলোচনায় আগামী দিনে শিক্ষার প্রসার, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি রাজ্য তথা সমগ্র দেশের অগ্রগতিতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরা হয়।
সম্মেলনের শেষে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলা এবং দেশের সার্বিক অগ্রগতির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন সংগঠনের শিক্ষক-শিক্ষিকারা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা ও শিক্ষাক্ষেত্রের উন্নয়নের বিষয়গুলিকে সামনে রেখে সাংগঠনিকভাবে আরও সক্রিয় ভূমিকা পালন করা হবে।
