মরালী প্রকাশনী ও বই সায়নের উদ্যোগে গ্রন্থপ্রকাশ ও কবিতাপাঠের আয়োজন অবনীন্দ্রনাথ সভাগৃহে
নিজস্ব প্রতিনিধি,
২০২৬, ২৩ নভেম্বর রাজ্য চারুকলা পর্ষদের ‘অবনীন্দ্র সভাঘর’-এ অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণাঢ্য গ্রন্থ প্রকাশ ও কবিতা পাঠের অনুষ্ঠান। মরালী প্রকাশনী ও বই সায়নের উদ্যোগে বেশ কয়েকটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সাহিত্যিক নীলকণ্ঠের দুটি ভ্রমণ-আখ্যান গ্রন্থ ‘দ্বীপভূমি শ্রীলঙ্কা’ ও ‘অজানা রাজস্থান-উপাখ্যান’, কবি জালাল উদ্দিন আহম্মদের কাব্যগ্রন্থ ‘চোখ দিয়েই একটু ভাবো’, পত্রালি গুহের গল্পগ্রন্থ ‘কলমে ইতি রাই’ এবং মনোজ মণ্ডলের পাঁচটি গ্রন্থ ‘বন্দে মাতরম : ইতিহাস, সাহিত্য ও জাতীয়চেতনা’, ‘ভারতের সাধক ও মনীষী’, ‘ব্রজেন্দ্রনাথ ধরের ছড়া-উপন্যাস ও কাব্যোপন্যাস : এক অভিনব সৃষ্টিসাধনা’, ‘স্বাধীনতার অগ্নিপথে ভারতের বীরেরা’ ও ‘প্রেমের বিচিত্র পথ : প্রসঙ্গ রবীন্দ্রনাথের ছোটোগল্প’
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বর্ষীয়ান কবি কেষ্ট চট্টোপাধ্যায়। তিনি গ্রন্থ প্রকাশের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাঁকে নেপাল মজুমদার কর্তৃক ‘শ্রমিক কবি’ আখ্যা দেওয়ার স্মৃতি রোমন্থন করেন। বিশেষ অতিথি বাসুদেব মোশেল এখনকার প্রজন্মের ছেলেমেয়েদের বই কেনা ও পড়ার অনাগ্রহতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেও এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা বলেন। অতিথি কবি দীপঙ্কর বিশ্বাস মরালী প্রকাশনীর নতুন নতুন গ্রন্থ প্রকাশকে স্বাগত জানিয়েছেন। কবি যতীন্দ্রনাথ সরকার বই কেনা নিয়ে কিছু বাস্তব উদাহরণ দিয়ে বই কেনার নেশা ও গুরুত্বের কথা বলেন। বিশিষ্ট বহুমুখী ব্যক্তিত্ব বংশীবদন চট্টোপাধ্যায় বইয়ের অনুষ্ঠানের সঙ্গে আমাদের মনোভূমির গভীর সংযোগের কথা বিশেষভাবে বলেছেন।
অনুষ্ঠানে ৩০-৩৫ জনের মতো কবি কেউ স্বরচিত কবিতা পাঠ করেন, কেউ আবৃত্তি করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। অনিরুদ্ধ, দীপ্তি, তৃষা, বর্ষা, সরস্বতী ও ভানুমতীর সমবেত উদ্বোধনী সংগীত এবং সকলে মিলে ‘জনগণমন…’ গানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহিত্যিক-নাট্যকার শিবপ্রসাদ ভট্টাচার্য। তাঁর পরিমিত বাক্যসংযোজনা, অনুষ্ঠানের সুশৃঙ্খল পরিচালনা সকলকে মুগ্ধ করে।
অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা মনোজ মণ্ডল ধন্যবাদ জানান সহযোগী প্রকাশনা ‘বই সায়ন’-এর কর্ণধার অলোক কর্মকার সহ মামণি ঘোষ, অলোক উপাধ্যায় ও উপস্থিত সকলকে।
