স্টেজ বাংলার সুপারন্যাচারাল থ্রিলার ‘দহন’ দর্শকদের পছন্দের তালিকায়, মুক্তির ১০ দিনেই ১৭ লক্ষেরও বেশি ভিউ
কলকাতা: ভারতের প্রথম এবং বৃহত্তম ডায়ালেক্ট-ভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম স্টেজ (STAGE) তার বাংলা ভার্টিক্যালে সুপারন্যাচারাল থ্রিলার ওয়েব সিরিজ ‘দহন’ মুক্তি দিয়েছে। উত্তর কলকাতার একটি পুরনো জমিদারবাড়ি, ১৪ বছর পুরনো রহস্য এবং পুনর্জন্মের রোমাঞ্চকর কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত এই সিরিজটি মুক্তির পর থেকেই বাঙালি দর্শকদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। মাত্র ১০ দিনেই ‘দহন’ ১৭ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে, যা দর্শকদের বিপুল আগ্রহ ও পছন্দের প্রমাণ। বাংলা ভাষায় স্থানীয় গল্প, লোককথা এবং সংস্কৃতিকে কেন্দ্র করে তৈরি অরিজিনাল কনটেন্টের মাধ্যমে স্টেজ পূর্ব ভারতের বৃহত্তম আঞ্চলিক বিনোদন বাজারে শক্তিশালী পরিচিতি তৈরি করেছে।
স্টেজ -এর কো-ফাউন্ডার এবং চিফ কনটেন্ট অফিসার প্রবীণ সিংহল বলেন, “বাংলার মাটিতে গল্প ও লোককথার এক আলাদা গভীরতা রয়েছে এবং ‘দহন’ সেই গভীরতা থেকেই উঠে আসা একটি গল্প। দর্শকদের জন্য আমরা যে সাসপেন্স, ভয় এবং আবেগের অনন্য মিশ্রণ তুলে ধরছি, তার প্রতি যে ভালোবাসা তাঁরা দেখাচ্ছেন, তা আমাদের এই বিশ্বাস জোগায় যে স্টেজ বাংলা সঠিক দিকেই এগিয়ে চলেছে।”
‘দহন’-এর পরিচালনা শুভেন্দু চক্রবর্তী ও তাঁর দল করেছেন। সিরিজে সুভাশ্রী চক্রবর্তী, সিদ্ধার্থ সেন, অ্যানমেরি টম, পূজা সরকার, সুচন্দ্রা চৌধুরী, রূপম শিঙ্গো এবং চন্দ্রানীব মুখোপাধ্যায়কে প্রধান ভূমিকায় দেখা গেছে। শিল্পীদের প্রভাবশালী অভিনয়, রহস্যে ভরপুর গল্প এবং আবেগঘন উপস্থাপনা সিরিজটিকে বাঙালি দর্শকদের মধ্যে দ্রুত জনপ্রিয় করে তুলেছে।
গল্পের শুরু উত্তর কলকাতার একটি পুরনো জমিদারবাড়ি থেকে, যেখানে ১৪ বছর আগে বাড়ির বড় বউ নন্দিনীর রহস্যময় মৃত্যু হয়। বহু বছর পর একদিন ১৪ বছরের একটি মেয়ে সেই বাড়িতে এসে নিজেকে নন্দিনী বলে পরিচয় দেয়। এরপর শুরু হয় পুনর্জন্ম, রহস্য এবং অমীমাংসিত সত্যের এমন এক যাত্রা, যা প্রতিটি পর্বের সঙ্গে দর্শকদের সামনে নতুন প্রশ্ন এবং চমকে দেওয়া রহস্য উন্মোচন করতে থাকে।
