রিয়েল রিলস মোশন পিকচারস নিবেদিত নাচের রিয়েলিটি শো ‘বেঙ্গল সুপার ডান্সার’ আসছে শীঘ্রই
রাজকুমার দাস
নাচের প্রতিভাবান শিল্পীদের নিয়ে সিটিভিএন চ্যানেলে শুরু হতে চলেছে নতুন নাচের রিয়েলিটি শো ‘বেঙ্গল সুপার ডান্সার’। আগামী মাস থেকে দর্শকদের সামনে আসতে চলেছে এই বিশেষ নৃত্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। প্রথমবারের মতো রিয়েল রিলস মোশন পিকচারস নিবেদিত এবং আকতার মল্লিক প্রযোজিত এই রিয়েলিটি শোয়ের সেমিফাইনাল পর্বের শুটিং সম্পন্ন হয়েছে ৩০ আগস্ট।
গড়িয়ার মহামায়াতলার জয় হিন্দ অডিটোরিয়ামে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সেমিফাইনালের শুটিং। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এসে এই প্রতিযোগিতায় অংশ নেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্য থেকেও প্রতিভাবান প্রতিযোগীরা ‘বেঙ্গল সুপার ডান্সার’-এর মঞ্চে নিজেদের নৃত্য প্রতিভা তুলে ধরেন।
এই রিয়েলিটি শোয়ে শিশু ও বড়—দুই বিভাগেই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ফলে খুদে নৃত্যশিল্পীদের পাশাপাশি অভিজ্ঞ বড়দের নাচও দর্শকদের মুগ্ধ করবে বলে আশাবাদী অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলে।
সেমিফাইনাল পর্বে বিচারকের আসনে উপস্থিত ছিলেন বিশিষ্ট কোরিওগ্রাফার পঙ্কজ শীল, অভিনেত্রী মেঘনা হালদার এবং ইন্দ্রাক্ষী দে। প্রতিযোগীদের নৃত্য পরিবেশনা, দক্ষতা, ছন্দ ও মঞ্চ উপস্থাপনার বিভিন্ন দিক বিচার করেন তাঁরা।
সমগ্র নাচের রিয়েলিটি শোটি পরিচালনার দায়িত্বে রয়েছেন বিশিষ্ট ডান্স কোরিওগ্রাফার তথা পরিচালক রবি কুমার হরি। তাঁর পরিকল্পনা ও পরিচালনায় ‘বেঙ্গল সুপার ডান্সার’ কতটা দর্শকদের মন জয় করতে পারে, এখন সেদিকেই তাকিয়ে বিনোদনপ্রেমীরা।
আগামী মাস থেকে সিটিভিএন চ্যানেলে সম্প্রচারিত হতে চলা ‘বেঙ্গল সুপার ডান্সার’ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসাহ। রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান নৃত্যশিল্পীদের একই মঞ্চে এনে তাঁদের প্রতিভা তুলে ধরার এই উদ্যোগ নিঃসন্দেহে বাংলা টেলিভিশনের নৃত্যভিত্তিক অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন অনুষ্ঠানের উদ্যোক্তারা।
