প্রবাসী চিকিৎসকের কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস
সেখ সামসুদ্দিন, ১১ মার্চঃ একইদিনে কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের মধ্য দিয়ে মানবতার নজির গড়ে চলেছেন বিশিষ্ট সমাজসেবী তথা মেমারির গর্ব আমেরিকা নিবাসী চিকিৎসক বুদ্ধদেব দাঁ। মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ বিদ্যালয়ের ছাত্রদের জন্য প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত মিড-ডে মিল ভোজন কক্ষের উদ্বোধন করেন ডাঃ বুদ্ধদেব দাঁ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিট ২ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত মুখার্জী, রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ের টিআইসি চন্দ্রা চ্যাটার্জী, বিদ্যালয় পরিচালন সভাপতি আশিষ ঘোষ দস্তিদার সহ সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব কুমার ঘোষাল সহ শিক্ষকশিক্ষিকা সহ ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানের শেষে ছাত্রছাত্রীদের সঙ্গে একত্রে বসে ভোজন করেন সকলে।
পরে মেমারি খাঁড়ো হাই মাদ্রাসা উচ্চ বিদ্যালয়ে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় ধার্যে একটি অনুষ্ঠান মঞ্চের ও বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের শিলান্যাস করেন ডাঃ বুদ্ধদেব দাঁ। সেখানে উপস্থিত ছিলেন সমাজসেবী সেখ সামসুদ্দিন, সেখ সবুর উদ্দিন, তারক নাথ সাহা, বর্ধমানের বেসরকারি হাসপাতালের ডাইরেক্টর ঐশী ঘোষ দস্তিদার, টিআইসি নীলকান্ত কর্মকার সহ শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীবৃন্দ। সেখানে মাটিতে কোপ দিয়ে ইট বসিয়ে শিলান্যাস করা হয়। তারপরে দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের ফুটবল মাঠে ডিউস ক্রিকেট কোচিং ও অ্যাথলেটিক কোচিংয়ের সূচনা করেন এবং প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত আবাসিক ফুটবলার ছাত্রদের আবাস কক্ষ ও ডাইনিং হলের উদ্বোধন করেন প্রবাসী চিকিৎসক ডাঃ বুদ্ধদেব দাঁ। মাঠে উপস্থিত ছিলেন ডাক্তারবাবুর সঙ্গে ছিলেন বিএনআর কোচ অলোক হালদার, আইএসপিএল খেলোয়াড় সাবির আলি, প্রাক্তন রঞ্জি ও বাংলা দলের খেলোয়াড় সেখ ফকরুদ্দিন সাজ্জাদ, বাংলা দলের প্রাক্তন ফুটবলার তথা কোচ প্রমোদ ভট্টাচার্য্য, যুবক সংঘের ক্রীড়া সম্পাদক টিপু সুলতান, সেখ সবুর উদ্দিন সহ সকল সদস্যবৃন্দ এবং ফুটবল কোচিংয়ের ৫৫ জন, ক্রিকেট কোচিংয়ের ৫০ জন এবং অ্যাথলেটিক কোচিংয়ের ৪৫ জন ছেলে মেয়ে ও তাদের অভিভাবকবৃন্দ।










