ফুটবলের টানে রাজনৈতিক ব্যস্ততা ভুলে মাঠে মন্ত্রী ও দুই বিধায়ক, মঙ্গলকোটে শুরু ফুটবল প্রতিযোগিতা
রাহুল রায়,মঙ্গলকোট : ব্যস্ত রাজনৈতিক কর্মসূচির মাঝেও ফুটবলের টানে মাঠে হাজির হলেন রাজ্যের মন্ত্রী ও দুই বিধায়ক। জনপ্রতিনিধিদের মাঠে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি এলাকার বাসিন্দা থেকে শুরু করে ফুটবলপ্রেমীরা।
রবিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের জাজ্ঞেশ্বরডিহি ফুটবল কমিটি ও গ্রামবাসীদের সহযোগিতায় স্থানীয় ফুটবল মাঠে আয়োজিত হলো ফুটবল প্রতিযোগিতা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করবে। যুবসমাজকে মোবাইলমুখী প্রবণতা থেকে সরিয়ে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
প্রতিযোগিতার প্রথম খেলায় মুখোমুখি হয় মেঝিয়ারী শ্রী দুর্গা স’মিল এবং বর্ধমান সারদামণি জুয়েলার্স। প্রথম দিনের খেলার সূচনাপর্বে উপস্থিত ছিলেন রাজ্যের আবাসন দপ্তরের প্রতিমন্ত্রী কলিতা মাঝি, মঙ্গলকোটের বিধায়ক শিশির ঘোষ, পূর্বস্থলী উত্তরের বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়, সমাজসেবিকা শ্যামা মজুমদার, শিক্ষক দীনেশ সাঁতরা-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবী ননীচূড়া ঘোষ।
প্রথম ম্যাচে নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত থাকায় ম্যাচের ফয়সালা হয় টাইব্রেকারে। সেখানে ৪-১ গোলে মেঝিয়ারী শ্রী দুর্গা স’মিলকে পরাজিত করে জয়লাভ করে বর্ধমান সারদামণি জুয়েলার্স।
খেলাকে কেন্দ্র করে এদিন মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মন্ত্রী ও বিধায়কদের উপস্থিতিতে প্রতিযোগিতার উদ্বোধনী পর্ব আরও উৎসবমুখর হয়ে ওঠে।
