২২ লক্ষ টাকা মঞ্জুর, তাঁতিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নে, বীরভূমে

২২ লক্ষ টাকা মঞ্জুর, তাঁতিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নে, বীরভূমে

সেখ রিয়াজুদ্দিন ও আজিম শেখ বীরভূম
আউটডোর ইনডোর সহ স্বাস্থ্য পরিষেবায় সমস্ত রকম সুযোগ সুবিধা প্রদান করা একদা তাঁতিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র দীর্ঘদিন ধরে ধুঁকছিল। এনিয়ে এলাকার মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত ছিল। যার প্রেক্ষিতে বিভিন্ন দপ্তরে পুনরায় স্বাস্থ্য পরিষেবা প্রদান চালুর জন্য আবেদন নিবেদন করেন।অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ বীরভূমের তাঁতিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নের জন্য ২২ লক্ষ টাকা মঞ্জুর করেছে। যার মধ্যে প্রায় ১৬ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে ডাক্তার, নার্স ও স্টাফদের জন্য ব্যবহৃত বেহাল কোয়াটারগুলোর সংস্কার করার জন্য এবং প্রায় ৬ লক্ষ টাকা বিদ্যুতায়নের জন্য। উল্লেখ্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ৬ মাসের মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ করার। স্বভাবতই রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের এই পদক্ষেপে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীদের মনে। বর্ধিষ্ণু গ্রাম তাঁতিপাড়া সহ পার্শ্ববর্তী প্রায় ৫০ টি গ্রামের মানুষজন তাঁতিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল। বিশেষ উল্লেখ্য সম্প্রতি কয়েক মাস আগে বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় তাঁতিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন। তখন স্থানীয় মানুষজন তাঁতিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা এবং চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত বলে অভিযোগ করেন। সাংসদ সেদিন জনগণের সামনে থেকেই রাজ্যের স্বাস্থ্য সচিবকে ফোন মারফত তাঁতিপাড়া স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা কাটিয়ে তোলার অনুরোধ জানান। পাশাপাশি স্থানীয় স্বাস্থ্য বিভাগের সাথে যুক্ত চিকিৎসক ও ব্লক স্বাস্থ্য আধিকারিক এর তথ্যের সাথে এলাকার মানুষের তথ্য এবং দাবির সাথে মিল না পেয়ে খুব ক্ষোভ ব্যক্ত করেছিলেন। সাধারণ মানুষজন সেদিন সাংসদ শতাব্দী রায়কে কাছে পেয়ে আবেদন করেন তাঁতিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি আগের মতো ২৪ ঘন্টা চালুর ব্যবস্থা করা হলে গ্রাম গঞ্জের বহু মানুষ উপকৃত হবেন এবং ২০ কিলোমিটার দূরে সিউড়ি সদর হাসপাতাল ছুটতে হবে না। স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে এলাকাবাসী আসাবাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *