আউশগ্রামে ক্রিকেট লিগ

প্রত্যুষ চক্রবর্তী,

সোমবার দুপুরে গুসকরায় শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত স্পোটিং প্রিমিয়ার লিগ এর প্রথম ম্যাচ। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় গত বছরের চ্যাম্পিয়ান দল বিএমএস লায়ন্স ও সুপার স্টার ইলেভেন দলের মধ্যে।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সুপার স্টার ইলেভেন। নির্ধারিত ১২ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১৮ রান। দলের একাধিক ব্যাটসম্যান লড়াই করার চেষ্টা করলেও বিএম এস লায়ন্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় রানের ভিত গড়ে তুলতে পারেনি সুপার স্টার ইলেভেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে বিএম এস লায়ন্স। ১০ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। ফলে উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল গতবারের চ্যাম্পিয়ানরা।
ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের জন্য বিএম এস দলের খেলোয়াড় সুমিত সাউ ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ব্যাট হাতে তিনি ১৭ বলে ঝকঝকে ৩৮ রান করেন। পাশাপাশি বল হাতে ৩ ওভারে ২৯ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি।
খেলা শেষে স্পোটিং ইউনিয়ন ক্লাবের সভাপতি সুভাষ ঘোষ জানান, চার বছর আগে এই টুর্নামেন্টের সূচনা করা হয়। এলাকার মোট ১২০ জন খেলোয়াড়কে নিয়ে আটটি দল গঠন করা হয়েছে। এলাকার যুব সমাজকে মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ। তিনি আরও বলেন, প্রতিদিনই টুর্নামেন্টে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সুস্থ ও সুন্দরভাবে এই খেলা সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
স্পোটিং প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ ঘিরে মাঠে ছিল উৎসবের আবহ, উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের লড়াইয়ে জমে উঠল টুর্নামেন্টের প্রথম ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *