।। ইডি হানার প্রতিবাদে সুন্দরবনে বিক্ষোভ শাসক দলের ।।

।। ইডি হানার প্রতিবাদে সুন্দরবনে বিক্ষোভ শাসক দলের ।।

বসিরহাট : আইপ্যাকের অফিসে ইডি হানার প্রতিবাদে রাজ্যজুড়ে দফায় দফায় বিক্ষোভে শামিল হয়েছে তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই হাসনাবাদে প্রতিবাদে পথে নামে হাসনাবাদ ব্লক ১ তৃণমূল কংগ্রেস। হাসনাবাদ বনবিবির সেতু সংলগ্ন এলাকায় জড়ো হন তৃণমূল কংগ্রেসের কয়েক হাজার কর্মী ও সমর্থক। এরপর হাসনাবাদ-লেবুখালী রোড অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। হাতে দলীয় পতাকা, ব্যানার নিয়ে ইডির ভূমিকার বিরুদ্ধে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। হাসনাবাদ ব্লক ১ তৃণমূল কংগ্রেসের সভাপতি আনন্দ সরকারের নেতৃত্বে লেবুখালী রোড ধরে একটি প্রতিবাদ মিছিল হয়। মিছিল শেষে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই কর্মসূচির জেরে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে হাসনাবাদ-লেবুখালী রোডের যান চলাচল। বিক্ষোভ সমাবেশ থেকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, গণতান্ত্রিক কণ্ঠরোধ করতেই ইডি-সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানো হচ্ছে। এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে রাজ্যের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন এবং ভবিষ্যতেও আন্দোলন আরও জোরদার হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *