দিনহাটার বিদ্যালয়ে বিশেষ শিবিরে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি
নিজস্ব প্রতিনিধি,
কোচবিহার জেলার দিনহাটা মহকুমায় বাংলাদেশ বর্ডার সংলগ্ন একটি প্রান্তিক বিদ্যালয়, ওকড়াবাড়ি আলাবকস উচ্চ বিদ্যালয়( উ. মা.) তে গত ২৩ সে মার্চ থেকে শুরু হয়েছে NSS এর সপ্তাহ ব্যাপী স্পেশ্যাল ক্যাম্প। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে তৈরি NSS ইউনিটের ভলান্টিয়াররা , এই ক্যাম্পে NSS কী এবং কেন তো বটেই, সাথে পরিচ্ছন্নতা, জীবনে স্বাস্থ্যসম্মত খাবারের গুরুত্ব, ক্যারিয়ার কাউন্সেলিং, অল্প বয়সে বিয়ের কুপ্রভাব, ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইত্যাদি বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা এমনকি হাতে কলমে প্রত্যক্ষ অভিজ্ঞতাও লাভ করছে।এই ক্যাম্প উপলক্ষে ২৬শে মার্চ বিদ্যালয়ে আমন্ত্রিত হয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডঃ পার্থ কর্মকার। বিদ্যালয়ে ডঃ কর্মকারের উপস্থিতি ছাত্র ছাত্রীদের মধ্যে অভূতপূর্ব উদ্দীপনা সৃষ্টি করে। ডঃ কর্মকার তাঁর ভাষণে NSS এর সাথে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততার উল্লেখ করে ছাত্র জীবনে NSS এর গুরুত্ব কী, তা তুলে ধরেন। তিনি ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপমেন্টের দিকে নজর দিতে বলেন। তিনি আরও বলেন, ছাত্র ছাত্রীদের তাদের নিজেদের ভালোলাগা গুলোকে চিনে নিয়ে ভবিষ্যতের জীবন পরিকল্পনা করতে হবে। তাঁর গঠনমূলক বক্তব্য ও আন্তরিক ব্যবহার এই প্রান্তিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের প্রচণ্ড অনুপ্রাণিত করেছে।










